ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সহিংস বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
দিনব্যাপী রাজধানী ও আশেপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোববার সকাল থেকে মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভের পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকার প্রায় ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। এছাড়া মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ থাকার পর বেলা তিনটায় যান চলাচল স্বাভাবিক হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি অনুযায়ী, এই সহিংস বিক্ষোভে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গাজীপুর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নয়জন এবং মিরপুর থেকে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে নিজের সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। এর আগে সকালে সংবাদ সম্মেলনে মন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। সরকার আগেই শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মজুরি বোর্ড গঠনের বিষয়ে জানিয়েছিল উল্লেখ করে তিনি আন্দোলনরত শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

