গাড়ির লংমার্চ করে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা গেলে বিএনপি সবার আগে লংমার্চ করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের জন্য সমগ্র দেশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই সমস্যা সমাধানে বিরোধীদলীয় বন্ধুদের কাছে সহযোগিতা আশা করা হয়েছিল, কিন্তু তার বদলে তারা একটি বিশাল গাড়ির লংমার্চের আয়োজন করেছেন। তিনি আরও বলেন, জনগণের মধ্যে একটি সাধারণ কথা প্রচলিত আছে যে, জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, গাড়ির লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করাই যেত, তাহলে আমরাই সবার আগে লংমার্চের আয়োজন করতাম। তিনি জোর দিয়ে বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। তাই বিরোধী দল বা সরকারি দল—সংসদের প্রতিটি সদস্যেরই দায়িত্ব হলো বাস্তব পরিস্থিতি জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা।
সরকার কোনো অজুহাত তৈরি করে সমস্যার সমাধান এড়িয়ে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিবাদী শাসনামলের সমস্যাগুলো আমরা অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। বরং এই সমস্যাগুলো মোকাবিলায় সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে, যাতে জনজীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে অফিসের সময়সূচি পরিবর্তন, স্কুলে ছুটির দিন বাড়ানো এবং ব্যাংকের লেনদেনের কর্মসূচি পরিবর্তন করা হয়েছিল। এছাড়া কুইক রেন্টালের নামে কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত ও ফতুর করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এসব পথ এড়িয়ে জনগণের সমস্যার সমাধানে কাজ করছে।

