রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রেক্ষিতে সৃষ্ট শূন্য পদে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম মেনেই রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, প্রধান নির্বাচন কমিশনার নিজেই এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি জানান, এটি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে। যদি একাধিক প্রার্থী থাকেন, তবে জাতীয় সংসদে নির্ধারিত দিনে ভোটগ্রহণ হবে। আর যদি একজন মাত্র প্রার্থী থাকেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। বিদ্যমান নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেবেন।
নির্বাচন কমিশনার আরও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তাই আগামী রোববার বা তার পরবর্তী কর্মদিবসগুলোতে তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশন বৈঠকে বসবে।

