২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সরাসরি সম্প্রচারের ঘোষণা ইসির

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোটগ্রহণের পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে সম্পন্ন করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় ভোটগ্রহণের স্থান, সময় এবং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আখতার আহমেদ জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। মোট ৩৪৯টি ব্যালট পেপার ব্যবহার করা হবে এবং ইসির ২০ জন সহায়ক কর্মকর্তা-কর্মচারী সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

ভোটদান শেষে অধিবেশন কক্ষেই ব্যালট গণনা করা হবে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেখানে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

ব্যালট পেপারের গঠন সম্পর্কে ইসি সচিব জানান, এর দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ যেখানে ভোটারের নাম ও স্বাক্ষর থাকবে এবং অন্য অংশে থাকবে প্রার্থীদের নাম। ভোটারকে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। নির্বাচন কমিশনাররাও ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আলাদা পরিচয়পত্রের ব্যবস্থা থাকবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় ‘ফ্লোর ক্রসিং’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি নির্বাচনের পদ্ধতিগত বিষয় নয় বরং একটি রাজনৈতিক বিষয়। ইসির তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক বৈধ প্রার্থী থাকলে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।