অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন মন্ত্রী। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও যথাযথ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে মন্ত্রীর দ্রুত রোগমুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।