জ্বালানি সংকটে ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশজুড়ে তীব্র লোডশেডিং ও ভোগান্তি

চলমান গ্যাস-সংকটের সঙ্গে কয়লা ও তরল জ্বালানির সরবরাহস্বল্পতা এবং বড় দুটি বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় বিপর্যয় দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ। সব মিলিয়ে দেশের মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে, যার মধ্যে ২০টি কেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়ার বিপরীতে উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং ও জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। দেশে বর্তমানে ৬৪টি সরকারি, ৭০টি বেসরকারি এবং ৩টি ভারত ও চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দিনের বেলাতেই সর্বোচ্চ লোডশেডিং রেকর্ড করা হয়েছে ৩ হাজার ৬৬৪ মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও গতকাল সর্বোচ্চ চাহিদার সময় ১৬ হাজার ৯4৬ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ করা সম্ভব হয়েছে মাত্র ১৩ হাজার ২৮২ মেগাওয়াট। অর্থাৎ সক্ষমতার অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদন না করে অলস বসে ছিল। এর আগে এ মাসে সর্বোচ্চ লোডশেডিং ছিল ১০ আগস্ট, ওই দিন ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছিল। এছাড়া ৯ আগস্ট থেকে এক সপ্তাহ টানা সর্বোচ্চ লোডশেডিং হয়েছে গড়ে সাড়ে তিন হাজার মেগাওয়াট।

পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, দুটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকেও পুরো সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গ্যাসের সরবরাহ না বাড়া এবং তেলচালিত কেন্দ্রগুলো মাঝেমধ্যে বিরতি দিয়ে চালানোর কারণে অর্ধেক সক্ষমতা ব্যবহার করতে হচ্ছে, যা বিদ্যুৎ ঘাটতি আরও বাড়িয়ে দিয়েছে।

জ্বালানি সংকটের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও বর্তমানে প্রায় ৫ হাজার মেগাওয়াট উৎপাদন করা যাচ্ছে না। শিল্প খাতে গ্যাসের সরবরাহ বাড়াতে বিদ্যুৎ খাতে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ৬ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার জ্বালানি তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে ২৪টিতে গতকাল তেলের সরবরাহস্বল্পতা ছিল। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে পটুয়াখালীর পায়রা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া কয়লাবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটেও কারিগরি ত্রুটি রয়েছে। এছাড়া কয়লা সংকটে গত ৭ আগস্ট থেকে উৎপাদন কমিয়েছে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির ১ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি। তারা দিনের বেলায় ৯০০ মেগাওয়াট উৎপাদন করলেও সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ দিচ্ছে।

বিদ্যুতের এই ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গ্রামীণ এলাকায়। ঢাকার বাইরে সারা দেশের গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি সমিতি। সরবরাহ ঘাটতির কারণে তাদের একই এলাকায় একাধিকবার করে লোডশেডিং করতে হচ্ছে। গত বুধবার রাত ১২টায় সারা দেশে মোট লোডশেডিং ছিল ২ হাজার ৮২৮ মেগাওয়াট। একই সময়ে আরইবির এলাকায় লোডশেডিং হয়েছে ২ হাজার ৪৭০ মেগাওয়াট।

রাজধানী ঢাকাতেও সরকারি নির্দেশনায় গত ১২ আগস্ট রাত থেকে লোডশেডিং শুরু হয়েছে। প্রতিদিন কোনো এলাকায় একবার এক ঘণ্টা করে লোডশেডিং করার পরিকল্পনা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী ডিপিডিসি ও ডেসকোর সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাত ১১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ২৫০ মেগাওয়াট, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ মেগাওয়াট ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০০ মেগাওয়াট লোডশেডিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কোনো লোডশেডিং করা হবে না। কোনো এলাকায় একবারের বেশি লোডশেডিং হবে না এবং ২৪ ঘণ্টায় ঢাকার একজন গ্রাহক মাত্র ১ ঘণ্টা লোডশেডিং পাবেন। তবে বিদ্যুতের সরবরাহ বুঝে এর ব্যত্যয় করতে হচ্ছে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা জালোওয়াশান আখতার খান জানান, প্রতিদিন একাধিকবার লোডশেডিং হচ্ছে। গতকালও সকাল থেকে বিকেল পর্যন্ত দুবার লোডশেডিং হয়েছে। এর মধ্যে জেনারেটর নষ্ট হয়ে যাওয়ায় লিফটে আটকে পড়ার ভীতি কাজ করছে। এছাড়া বাসায় গ্যাস না থাকায় বাড়তি খরচে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। যাত্রাবাড়ী বিবির বাগিচার বাসিন্দা শর্মিলা শর্মীও একই ধরনের ভোগান্তির কথা জানিয়ে বলেন, বুধবার ছুটির দিনে বিকেলে এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এরপর রাত ১০টার সময় গিয়ে সাড়ে ১১টায় আসছে বিদ্যুৎ। গতকাল সকাল ১০টা ১০ মিনিটে গিয়ে এক ঘণ্টা পর আসছে। বেশির ভাগ সময় গ্যাসও থাকে না বলে বিদ্যুৎ-চালিত চুলা ব্যবহার করেন। এতে খরচ বাড়লেও ভোগান্তি কমেনি।

গ্যাস সরবরাহের বিষয়ে পেট্রোবাংলা জানিয়েছে, দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও গতকাল সরবরাহ ছিল মাত্র ২৩৫ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে ২৭০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়, যার মধ্যে এলএনজি থেকে সরবরাহ করা হয় ১০৫ কোটি ঘনফুট। তবে গতকাল এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৭৪ কোটি ঘনফুটের কম। কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটি গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় বন্ধ হয়ে যায়। গত ১৫ আগস্ট সেটি চালু হলেও নির্ধারিত সময়ে কার্গো না আসায় এলএনজি সরবরাহ বাড়ানো যাচ্ছে না।

বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বিইপ্পার সাবেক সভাপতি ইমরান করিম বলেন, ২০২০-২০২১ এবং ২০২১-২২ অর্থবছরে তেলচালিত কেন্দ্রগুলো ৬০ থেকে ৭০ শতাংশ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। এরপর বকেয়া বাড়তে থাকলে উৎপাদন কমানো হয় এবং লোডশেডিং বাড়তে থাকে। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বকেয়াসহ পিডিবির যেসব বিরোধ আছে, সেগুলো নিষ্পত্তি করা হলে এখনো তেলচালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব। অন্যদিকে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এই সংকটের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, সংকটের মধ্যে সরাসরি ক্রয়পদ্ধতিতে এলএনজি কেনা, অযোগ্য জাহাজে এলএনজি আমদানি, চীনের অনভিজ্ঞ কোম্পানির সঙ্গে নতুন টার্মিনাল নির্মাণ—এসবের মধ্যে সংকট উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে না। কাঠামোগত সংস্কার দরকার। না হলে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, চুরি বন্ধ হবে না; সংকটও কাটবে না।