রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার নিউ রংধনু আবাসিক হোটেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানের ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আটক হওয়া কয়েকজন নারী একটি কক্ষে বসে আছেন এবং তাঁদের ভিডিও করা হচ্ছে। আটক নারীরা শাড়ির আঁচল, ওড়না, মাস্ক বা হাত দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করলেও পুলিশের নারী সদস্যরা তাঁদের জোর করে মুখ দেখাতে বাধ্য করছেন। এ সময় এক নারী কাঁদছিলেন, কিন্তু পুলিশ সদস্যরা তাঁর উদ্দেশে বলছিলেন, 'সব খোল, সব খোল, এই মাস্ক খোল, ঢাকবি না, ঢাকলে কিন্তু মাইর হবে।' গত ১২ আগস্টের এই ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং মানবাধিকার কর্মী ও আইনজীবীরা একে বেআইনি ও নাগরিক অধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
অভিযানটি চালিয়েছিল ডিবির উত্তরা বিভাগ। পুলিশ সূত্র জানায়, আটক নারীদের মুখ ঢাকতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওই বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাস্ক পরা অবস্থায় তাঁকে এই নির্দেশ দিতে শোনা যায়। তবে এই অভিযোগ অস্বীকার করে গত ২ সেপ্টেম্বর ইলিয়াস কবির বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার জন্য অনেক সময় মাস্ক সরাতে বলা হতে পারে। তিনি দাবি করেন, পুলিশের কোনো সদস্য তাঁদের মুখ দেখাতে বাধ্য করেননি, বরং ভিউ পাওয়ার জন্য ইউটিউবার বা সংবাদমাধ্যমের কর্মীরা এমনটা করে ফেসবুকে ছেড়ে থাকতে পারেন। তবে ভিডিওতে পুলিশ সদস্যদেরই মুখমণ্ডলের কাপড় সরাতে বাধ্য করতে দেখা যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি এবং ভালো কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তাঁদের টুকটাক ভুল হতে পারে, কারণ তাঁরা কেউ ফেরেশতা নন।
এই অভিযানের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আরও অনেক ভিডিও সামনে আসছে। হোটেল, পানশালা বা ফ্ল্যাটে অভিযানের সময় এবং সাধারণ তল্লাশিচৌকিতেও নারী-পুরুষের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশ ও ইউটিউবারদের সূত্রে জানা গেছে, অভিযানের আগে কিছু পুলিশ কর্মকর্তা নিজেই ইউটিউবারদের ডেকে নেন। ইউটিউবার ও কিছু সংবাদমাধ্যম এসব ভিডিও প্রচার করে ভিউ ও অর্থ উপার্জন করে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী মনে করেন, আবাসিক হোটেল বা পানশালায় অভিযান মূলত লেনদেন বা মাসোহারার বোঝাপড়ায় ঝামেলা হলে হয়ে থাকে। তিনি বলেন, এসব অভিযানে ইউটিউবার ও সাংবাদিকদের নিয়ে যাওয়া ঢাকঢোল পিটিয়ে চোর ধরার মতো বিষয়। পুলিশের কোনো অভিযানেই ইউটিউবার বা সাংবাদিকদের নিয়ে যাওয়া উচিত নয় এবং সংবাদ সম্মেলনে কনটেন্ট ক্রিয়েটরদের আমন্ত্রণ জানানো ঠিক নয়। ভিউয়ের জন্য কিছু সাংবাদিকের এমন অনৈতিক কাজে অংশগ্রহণ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
আইনি বিশ্লেষকদের মতে, পুলিশের এই আচরণ দেশের আইন ও সংবিধানের পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্চনাকর দণ্ড বা ব্যবহার করা যাবে না। জাতিসংঘ সনদের ২ (১) ও ৪ অনুচ্ছেদেও সদস্যদেশগুলোকে এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। এছাড়া ২০১২ সালের ১১ ডিসেম্বর হাইকোর্ট এক নির্দেশে গ্রেপ্তার বা সন্দেহভাজন আটক কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করা থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমল থেকে পুলিশ, র্যাব ও বিজিবি বিজ্ঞপ্তিতে আসামিদের মুখমণ্ডল অস্পষ্ট বা ব্লার করে দেওয়ার চর্চা শুরু করলেও কিছু কর্মকর্তা তা মানছেন না।
মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নূর খান এই প্রসঙ্গে বলেন, কোনো নারী অপরাধ করলে তথ্যপ্রমাণ সাপেক্ষে আদালত তাঁর বিচার ও শাস্তি দেবেন। কিন্তু পুলিশ বিচারের আগেই একধরনের শাস্তির আয়োজন করছে, যা সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদও একই অভিমত ব্যক্ত করে বলেন, আইন এই ধরনের আচরণ অনুমোদন করে না এবং উদ্দেশ্য যা-ই হোক না কেন, এই বেআইনি চর্চা অবিলম্বে বন্ধ করা উচিত।

