আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম। দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা রোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সদর দপ্তরে আয়োজিত এই বৈঠকে সারা দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন আইজিপি। এ সময় তিনি নিয়মিত টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, আইজিপি বৈঠকে পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তবে অভিযানের সময় সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে চারটি এবং চট্টগ্রাম মহানগরীতে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় মোট ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।