সিদ্ধিরগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. আব্দুল্লাহ (২৪) ও মো. নাঈম (২৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মো. স্বপন, কনস্টেবল আবু হানিফ এবং মনির হোসেন। ঘটনার পর তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটি ওয়াপদা কলোনির একটি বাসায় ওয়ারেন্টভুক্ত আসামি সাহেব আলী অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে সাহেব আলীর সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর চড়াও হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে পুলিশের দলটি ওই এলাকায় অভিযান চালিয়েছিল। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং রড দিয়ে আঘাত করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পর দুজনকে আটক করা হলেও মূল লক্ষ্য সাহেব আলীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে একই এলাকায় অভিযান চালিয়েছিল র‍্যাব-১১। সে সময় র‍্যাব সদস্যরা সাহেব আলীকে আটক করলেও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় র‍্যাবের তিন সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২০টিরও অধিক মামলা রয়েছে।