মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হওয়ার ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত ফোনালাপে এই সহায়তার বিষয়টি উঠে আসে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে তার দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। মঙ্গলবার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন সেই চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে বাংলাদেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি কমাতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছিল।
প্রতিমন্ত্রী জানান, ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাৎক্ষণিক কোনো সমাধান দেওয়া সম্ভব কি না, অথবা অন্য কোনো উপায়ে সহযোগিতা করা যায় কি না, তা মালয়েশিয়া কর্তৃপক্ষ যাচাই করবে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ নিয়ে বাংলাদেশ আগে থেকেই কাজ করছে। বর্তমান সংকট মোকাবিলায় এলএনজি সরবরাহের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ কিংবা সম্পদ ভাগাভাগির মাধ্যমে মালয়েশিয়া সহায়তা করতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান তিনি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন।

