পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাধার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, এই ঘটনা জনমনে গভীর উদ্বেগের সঞ্চার করেছে। স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের বাধার মুখে প্রায় ১৫ ঘণ্টা তাঁর দাফন আটকে ছিল।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা উল্লেখ করেছেন, রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা কি না, তা নির্ধারণ করার একমাত্র ক্ষমতা রাষ্ট্রের। স্বাধীনতার বিরোধিতা করা কোনো রাজনৈতিক দল কোনো পর্যায়েই ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা আর কে নন। গত ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর পিরোজপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়। বিভিন্ন তথ্য অনুযায়ী, প্রথমবার কবর খোঁড়ার পর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সেটি ভরাট করে দেন। পরবর্তী সময়ে আনুমানিক রাত ২টার পর মানিক পশারীর মেয়ে ও দুই বোন গ্রাম পুলিশের সহায়তায় মোবাইল ফোনের আলোয় পুনরায় কবর খুঁড়লে পুলিশি নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়।
বিবৃতিদাতারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়কে ঘিরে এমন পরিস্থিতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে গভীর প্রশ্ন ও উদ্বেগের জন্ম দেয়। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা মানিক পশারী ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে গোপালগঞ্জে মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন এবং সেখানেই তিনি মারা যান। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু জামায়াতে ইসলামী তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দাফনে বাধা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির মৃত্যুর পর দাফন তাঁর মৌলিক মানবাধিকার, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী এমনকি রাষ্ট্রও লঙ্ঘন করতে পারে না। যে দলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যাদের অনেকের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ দালিলিকভাবে প্রমাণিত, তারা আজ পর্যন্ত সেই অপরাধের দায় স্বীকার বা ক্ষমা প্রার্থনা করেনি। মানিক পশারীর সঙ্গে যে কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তা ফৌজদারি অপরাধের শামিল। কোনো ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা অতীতের ভূমিকার কারণে জানাজা ও দাফনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মৃত ব্যক্তির যথাযথ মর্যাদায় সৎকার করা সব ধর্মেরই শিক্ষা, যা অবজ্ঞা করে মানিক পশারীর প্রতি যে অসম্মান দেখানো হয়েছে, তার তীব্র ধিক্কার জানিয়েছেন বিশিষ্টজনরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, খুশী কবির, জেড আই খান পান্না, ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, স্বপন আদনান, শামসুল হুদা, তবারক হোসেন, সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, তানজীমউদ্দিন খান, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, নোভা আহমেদ, জাকির হোসেন, সুব্রত চৌধুরী, সালমা আলী, মো. নুর খান, পাভেল পার্থ, রোজিনা বেগম, সাইদুর রহমান, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

