ভারতীয় ভিসা আবেদনে নতুন অঙ্গীকারনামা ফরম বাধ্যতামূলক

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে একটি নির্ধারিত ফরম্যাটে 'ভিসা আন্ডারটেকিং ফর্ম' বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে একটি জরুরি অ্যাডভাইজরির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্দিষ্ট লিংক থেকে এই ফরমটি ডাউনলোড করতে হবে। এরপর ফরমটি সঠিকভাবে পূরণ করে NIC ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে স্ক্যান করে আপলোড করতে হবে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, শুধুমাত্র এই নির্ধারিত ফরম্যাটটিই গ্রহণযোগ্য হবে; অন্য কোনো ফরম্যাটে আবেদন জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাইকমিশন জানিয়েছে।

প্রকাশিত এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে নিজের নাম উল্লেখ করে প্রতিশ্রুতি দিতে হবে যে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন, শুধুমাত্র সেই উদ্দেশ্যেই ভারত সফর করবেন। একইসঙ্গে তাকে ঘোষণা দিতে হবে যে, আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং তার দেওয়া সব তথ্য সঠিক।

ফরমটির ১ নম্বর অংশে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। ২ নম্বর অংশে ভারত ভ্রমণের সুনির্দিষ্ট উদ্দেশ্য যেমন—ট্যুরিজম, বিজনেস, মেডিক্যাল ট্রিটমেন্ট বা কনফারেন্স ইত্যাদি উল্লেখ করতে হবে।

ফরমের ৩ থেকে ৫ নম্বর অংশে তিনটি অঙ্গীকারনামা রয়েছে। আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে যে, সফর শেষ হওয়া মাত্রই তিনি নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না। ভারতে থাকাকালীন তিনি দেশটির সব আইন, বিধি-বিধান ও সংস্কৃতি মেনে চলবেন এবং কোনো আইনবিরোধী কাজে জড়াবেন না। ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সবশেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ দিয়ে ফর্মটি সম্পন্ন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা উভয়কেই স্বাক্ষর করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।