নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

স্থানীয় সূত্র ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার পরপরই শহরের দিক থেকে একটি সাদা মাইক্রোবাস দত্তপাড়া বাজারের দিকে আসে। বাজারের ভেতর মাইক্রোবাসটি থামিয়ে কয়েকজনকে নামিয়ে দিয়ে সেটি সামনের ব্রিজের দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নামা লোকজন একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ব্রিজের দিকে চলে যায়। এরপর তারা ব্রিজের ওপর অপেক্ষমাণ মাইক্রোবাসে উঠে ঢাকার দিকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় আনুমানিক ২০-২৫ রাউন্ড গুলি ছোড়া হয়।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত পরে জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় মাইক্রোবাসে আসা দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে দত্তপাড়া বাজারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন।

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯: ৫৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯: ৫৮