জুলাই মাসের ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল আহামেদ (২১) দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়।
নাবিল আহামেদ মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ জুলাই ২০২৪ তারিখে আন্দোলন চলাকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় কদমতলী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় তার ডান পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে তৎকালীন সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে প্রায় ২০ মাস চিকিৎসাধীন থাকার পর তাকে এক মাসের জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার বাবা সিদ্দিকুর রহমান। নাবিলের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। তবে তারা বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বসবাস করেন।
পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নাবিলকে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হচ্ছে। থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় তাকে পুনরায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

