হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

হাম ও ডেঙ্গুসহ বেশ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে আয়োজিত জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীতে কলেরায় হাজার হাজার মানুষের মৃত্যু হতো, তবে বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে বর্তমানে এ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই ধারাবাহিকতায় কলেরা নির্মূলের লক্ষ্য নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে।

নতুন এই টিকাদান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে মন্ত্রী জানান, এক বছর বা তার বেশি বয়সী সবাইকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪টি উপজেলায় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ১৪ দিনের বিরতি দিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

টিকা গ্রহণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধের কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এক বছর বা তার বেশি বয়সী যে কেউ এই টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস রয়েছে এমন ব্যক্তি এবং তীব্র সংক্রমণে আক্রান্তদের টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।