প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩২
কক্সবাজারের মহেশখালীতে শিল্পী শীল (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় নিজ বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বামী রবি সওদাগর জানান, তিনি বাজারে নিজের দোকানে ব্যস্ত ছিলেন এবং সেই সময় তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। স্ত্রীকে ছুরিকাঘাতের খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ছুটে যান এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দী জানান, রবি সওদাগরের পরিবার এলাকায় অত্যন্ত শান্ত ও সামাজিক পরিবার হিসেবে পরিচিত। তাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। রবি ও শিল্পী দম্পতির সন্তানরা পড়াশোনার সুবাদে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। নিজ বাড়িতে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

