মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি ও রামদা উঁচিয়ে পালালো দুর্বৃত্তরা

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত ‘অনুরাগ ফার্মেসি’তে প্রকাশ্যে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। ধাওয়া করতে গেলে রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় তারা। শুক্রবার রাত ১১টা ১ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীত পাশে শ্যামলীমুখী মূল সড়কের পাশের এই দোকানে হামলার ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই ঘটনা ঘটলেও জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেছেন কর্মচারীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন জানান, ওই রাতে তিনি এক ক্রেতাকে ওষুধ দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে সামনের মোটা কাচে একটি গুলি এসে লাগে এবং কাচটি আংশিক ভেঙে যায়। তার চোখের সামনেই দ্বিতীয় গুলিটি কাচ ভেদ করে মইনের মাথার খুব কাছ দিয়ে চলে যায়। এতে উপস্থিত কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর হেলমেট পরা দুই হামলাকারী খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটেই চলে যাচ্ছিলেন। দোকানের কর্মচারীরা এক জোট হয়ে ধাওয়া করলে তাদের একজন বড় আকারের একটি রামদা বের করে হুমকি দেয়। ভয়ে কেউ আর এগোতে সাহস পাননি। এরপর কাছেই অপেক্ষারত এক সহযোগীর মোটরসাইকেলে চড়ে তিন হামলাকারী মূল সড়ক ধরে চম্পট দেয়।

ফার্মেসির আরেক বিক্রয়কর্মী জামিল ইসলাম জানান, মোট তিনজন একটি মোটরসাইকেলে চড়ে এসেছিলেন। তাঁদের একজন কিছুটা দূরে ‘বাংলাদেশ ফার্মা’র সামনে বাইক চালু রেখে অপেক্ষা করছিলেন এবং অন্য দুজন হেঁটে ফার্মেসির সামনে গিয়ে হামলা চালান। সিসিটিভি ফুটেজেও এই পুরো দৃশ্যের বিবরণ দেখা গেছে। সেখানে দেখা যায়, সড়ক ও ফুটপাতে সাধারণ পথচারীদের চলাচলের মধ্যেই পাঞ্জাবি ও হেলমেট পরা দুজন এগিয়ে গিয়ে গুলি ছোড়েন এবং পরে ধাওয়া খেয়ে মোটরসাইকেলে উঠে পালিয়ে যান। শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মেসির কাচ ভাঙা অবস্থায় ছিটকে পড়ে থাকলেও সেবা চালু ছিল। উক্ত ভবনে একই নামে দুটি রেস্তোরাঁ, একটি সুপারশপ ও টেলিকম ব্যবসাও রয়েছে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, অনুরাগ ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম (রাষ্টন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি আওয়ামী লীগ সমর্থিত ছিলেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, মালিক পলাতক থাকলেও ব্যবসা চালু থাকায় তাঁর নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষ বা অন্য কোনো পক্ষ সুযোগ নেওয়ার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে। তবে সব কটি সম্ভাব্য কারণ বিবেচনায় রেখেই তদন্ত চলছে।

শনিবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের পর পলাতক সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম দাবি করেন, এলাকায় তাঁর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তবে গত ৬ নভেম্বর একটি দেশি মুঠোফোন নম্বর থেকে ফোন করে নিজেকে ‘কিলার বাদল’ ও ‘কিলার পাপ্পু’র লোক পরিচয়ে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে প্রতিষ্ঠানে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে নম্বরটি ব্লক করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। নুর ইসলামের দাবি, চাঁদা না দেওয়ার জের ধরেই ধারাবাহিকভাবে এই হামলা চালানো হয়েছে।

মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদা দাবির আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর প্রতিষ্ঠানটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে কয়েকজন পথচারী আহত হন। এরপর ৭ নভেম্বর পুনরায় ককটেল হামলা চালানো হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর রাতে দুটি গুলি ছুড়ে কাচ ভেঙে দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ধারাবাহিক হামলার ঘটনার পর শনিবার থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।