দেশকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ যখন শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময়ে একটি মহল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশটির উদ্বোধন করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন এই পথচলা শুরু হয়েছে এবং দেশকে নতুন করে গড়ে তোলার জন্য নেতা তারেক রহমান কাজ শুরু করেছেন, ঠিক সেই সময়ে একটি মহল দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, যখন আমরা সংসদীয় পদ্ধতিতে সরকারে গিয়ে সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে অন্যায়ভাবে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার কাজ করছে।
দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, অতীতেও দেখা গেছে, যখন দেশ উন্নতির দিকে এগিয়ে যায়, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনে ফিরিয়ে দেয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে, ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একইভাবে দেশকে গড়ে তুলেছিলেন। বর্তমানে সেই দায়িত্ব তারেক রহমানের ওপর পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

