হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৮০ শিশু। শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৩১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯৩০ শিশু মারা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৫ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮১৫ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। এদের মধ্যে ১৮ হাজার ২৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।