হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৯০০ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

হাসপাতালে ভর্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট এক লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।