সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে সন্দেহজনক ও নিশ্চিত হামের উপস্থিতি শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

