হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে সোমবার (২৭ জুলাই) এই তথ্য জানানো হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে কেবল ঢাকা বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামের উপসর্গে ৭৩০ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের হার সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৯২ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। অর্থাৎ গত একদিনে মোট ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৫ হাজার ৫৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।