বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মালিবাংওয়ে মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সঙ্গে তার দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। ৪৫ বছর বয়সী এই কোচের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা না থাকলেও কোচিং ক্যারিয়ারে তিনি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। ঘরোয়া, আন্তর্জাতিক এবং হাই-পারফরম্যান্স লেভেলে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর মাকেতা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হতে পেরে তিনি আনন্দিত। তার ওপর আস্থা রাখার জন্য তিনি বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রধান কোচ ফিল সিমন্স ও অন্যান্য কোচিং স্টাফদের সাথে সমন্বয় করে ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চান। তিনি বলেন, দলটি তরুণ ও সম্ভাবনাময়, তাই খেলোয়াড়দের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করতে তিনি উন্মুখ হয়ে আছেন।

কোচিং ক্যারিয়ারে মাকেতা ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ সুনাম রয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং ন্যাশনাল একাডেমিতে কাজ করার পাশাপাশি তিনি ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক ক্রিকেটেও কোচিং করিয়েছেন। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ ডিগ্রিধারী এই কোচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে শান্ত-লিটনদের পারফরম্যান্সের উন্নতির আশা করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় তাকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।