অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে লিগ্যাল এইড আইনের সংস্কারের সুফল এখন পাচ্ছে দেশ। বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর আইন মন্ত্রণালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছিল, যার অন্যতম হলো লিগ্যাল এইড আইনের সংশোধন।
সংস্কারের অংশ হিসেবে বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে তা বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে বিচারকের সংখ্যাও তিন গুণ বৃদ্ধি করা হয়েছে বলে ড. আসিফ নজরুল জানান। তিনি বলেন, 'এর সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি। শুধু এই সংস্কারের কারণেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। জি, ৬২ শতাংশ!'
আইন উপদেষ্টা আরও জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছিল এবং এর আরও সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান একজন দক্ষ আইনবিদ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

