আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে আরও সময়ের প্রয়োজন রয়েছে। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্রে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তিনি কোনো ধারণার ভিত্তিতে নয়, বরং তথ্য, প্রমাণ এবং পুলিশের রেকর্ডভিত্তিক ডাটার ওপর ভিত্তি করেই কথা বলছেন। তিনি বলেন, অন্য একজন উপদেষ্টা কী বলেছেন, সেই তথ্য আমার সামনে নেই। তবে পুলিশের কাছে থাকা ডাটা যাচাই করার সুযোগ সবার জন্য উন্মুক্ত রয়েছে।

কোনো জেলার তথ্যে বিভ্রান্তি বা ভুল থাকলে তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। প্রতিটি জেলা থেকে মাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে তা মনিটর করা হয় এবং পরবর্তীতে সারাদেশের তথ্য সংকলন করে চিত্র তুলে ধরা হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চাইলে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে এই তথ্য যাচাই করতে পারেন। জেলা থেকে আসা তথ্যে কোনো ভুল বা মিসইনফরমেশন আছে কি না, তা খতিয়ে দেখার সুযোগ আপনাদের রয়েছে।