হাসপাতালে সই করলেই কি বদলায় জমির মালিকানা, কী বলে আইন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক অসুস্থ বৃদ্ধের কাছ থেকে এক নারী জমিসংক্রান্ত কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন। দাবি করা হচ্ছে, ওই নারী বৃদ্ধের মেয়ে এবং তিনি জোর করে জমি লিখে নেওয়ার চেষ্টা করছেন। ৩ সেপ্টেম্বর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা অসুস্থ বৃদ্ধের কাছ থেকে জমির কাগজে সই করিয়ে নেওয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে অনেকের মনে কৌতূহল জেগেছে—হাসপাতালে বা বাড়িতে বসে এভাবে দলিলে সই করিয়ে নিলেই কি আসলেই জমির মালিকানা বদলে যায়? আইনগতভাবে এর গুরুত্ব কতটুকু এবং দলিলে সই করা ও দলিল রেজিস্ট্রির মধ্যে পার্থক্য কী?

জমি হস্তান্তর বা বেচাকেনার বিষয়টি বুঝতে হলে প্রথমে একটি মৌলিক পার্থক্য জানা প্রয়োজন; তা হলো দলিলে সই করা এবং দলিল রেজিস্ট্রি বা নিবন্ধন করা এক বিষয় নয়। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর ১৭ ধারা অনুযায়ী, স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দলিলের নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক। আইনটির ৪৯ ধারায় স্পষ্ট বলা হয়েছে, নিবন্ধনযোগ্য কোনো দলিল যদি নিবন্ধিত না হয়, তবে তা সংশ্লিষ্ট সম্পত্তিতে কোনো নতুন মালিকের আইনি অধিকার তৈরি করতে পারে না। অর্থাৎ, হাসপাতালে বসে কেউ দলিলে কেবল স্বাক্ষর করলেই জমির মালিকানা পরিবর্তন সম্পন্ন হয় না।

সাধারণত উইল ছাড়া অন্যান্য নিবন্ধনযোগ্য দলিল সম্পাদনের তারিখ থেকে তিন মাসের মধ্যে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধনের জন্য জমা দিতে হয়। অনেকেই সময় বাঁচানোর জন্য আগে থেকেই দলিলে সই করে রাখেন। তবে জমি নিবন্ধনের ক্ষেত্রে দাতার সইয়ের পাশাপাশি তাঁর টিপসই বা আঙুলের ছাপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। নিবন্ধন কর্মকর্তারা জানান, দলিল সম্পাদনকারীকে শনাক্ত করতে এবং নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই তথ্যগুলো অফিসে সংরক্ষণ করা হয়। দাতা ও গ্রহীতা উভয়কেই নিবন্ধন কর্মকর্তার সামনে সশরীরে উপস্থিত হয়ে দলিল সম্পাদনের বিষয়টি স্বীকার করতে হয় এবং পরিচয় নিশ্চিত করতে হয়।

রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, যেকোনো স্থানে জমি রেজিস্ট্রি করা যায় না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সাধারণত যে উপজেলায় জমির পুরো অংশ বা বড় অংশ অবস্থিত, সেই এলাকার সাব-রেজিস্ট্রারের কার্যালয়েই দলিল উপস্থাপন করতে হয়। রেজিস্ট্রেশন আইনের ৩৪ ধারা অনুযায়ী, দলিলের সম্পাদনকারীদের সশরীরে নিবন্ধন কর্মকর্তার সামনে হাজির হতে হয়। এরপর কর্মকর্তা যাচাই করেন যে, দলিলটি যাঁরা করেছেন বলে দাবি করা হচ্ছে, তাঁরাই প্রকৃতপক্ষে এটি সম্পাদন করেছেন কি না। একই সঙ্গে তাঁদের পরিচয় এবং তাঁরা নিজের ইচ্ছায় জমিটি হস্তান্তর করছেন কি না, তাও নিশ্চিত করা হয়। জমি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এবং স্ট্যাম্প আইন, ১৮৯৯-সহ সংশ্লিষ্ট অন্যান্য আইনও প্রয়োগ করা হয়।

জমি নিবন্ধনের জন্য নির্দিষ্ট সরকারি ফি, স্ট্যাম্প শুল্ক ও বিভিন্ন কর পরিশোধ করতে হয়। সাধারণ বিক্রয় দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দলিল মূল্যের ১ শতাংশ এবং স্ট্যাম্প শুল্ক ১.৫ শতাংশ। এর সঙ্গে স্থানীয় সরকার কর ও উৎসে কর যুক্ত হয়। ২০২৬ সালের সংশোধিত বিধান অনুযায়ী, উৎসে করের হার জমির অবস্থান ও শ্রেণির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। ফলে একই দামের জমি হলেও এলাকাভেদে মোট খরচে তারতম্য ঘটে। এছাড়া ই-ফি, নকলনবিশের ফি এবং দলিল লেখকের পারিশ্রমিক রয়েছে। তবে মা-বাবা ও সন্তানের মধ্যে হেবা বা নির্দিষ্ট সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধন ফি সাধারণ বিক্রয় দলিলের চেয়ে অনেক কম। অবশ্য জমি রেজিস্ট্রিতে দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক খরচ বা উৎকোচ নেওয়ার অভিযোগও রয়েছে।

যদি কোনো ব্যক্তি গুরুতর অসুস্থ থাকেন এবং হাসপাতালে বা বাড়িতে চিকিৎসাধীন থাকার কারণে সাব-রেজিস্ট্রি অফিসে যেতে না পারেন, তবে তাঁর জন্য আইনে বিশেষ ব্যবস্থা রয়েছে। রেজিস্ট্রেশন আইনের ৩৮ ধারায় শারীরিক অক্ষমতা বা অসুস্থতার কারণে সরাসরি অফিসে উপস্থিত হওয়া থেকে অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে। এই বিশেষ প্রক্রিয়াটি ‘কমিশন প্রক্রিয়া’ বা ‘কমিশন দলিল’ নামে পরিচিত। এর আওতায় অসুস্থ ব্যক্তির কাছে নিবন্ধন কার্যালয়ের পক্ষ থেকে একজন কর্মকর্তা গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এই কমিশন প্রক্রিয়ার অর্থ এই নয় যে, পরিবারের কেউ নিজে গিয়ে হাসপাতালে সই নিয়ে আসলেই কাজ হয়ে যাবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সাব-রেজিস্ট্রার ও ভূমি রেজিস্ট্রেশন বিশেষজ্ঞ মো. শাহাজাহান আলী জানান, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ‘ভিজিট’ বা ‘কমিশন’ প্রক্রিয়ায় রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা হাসপাতালে যান। ভিজিটের ক্ষেত্রে সাধারণত সাব-রেজিস্ট্রার নিজেই হাসপাতালে গিয়ে সই ও টিপসই গ্রহণ করেন। তিনি স্পষ্ট করেন যে, রেজিস্ট্রি অফিসের কর্মকর্তার উপস্থিতি ছাড়া কোনোভাবেই রেজিস্ট্রি সম্ভব নয়। বর্তমানে দলিল নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করতে আইন সংশোধন করা হচ্ছে এবং ই-রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।