খুলনার কয়রা উপজেলার শ্রীফলতলা গ্রামের সাত মাসের শিশু হুসাইনের কান্নায় ভারী হয়ে উঠেছিল চারপাশ। মায়ের বুকে দুধ নেই, আর চরম অভাবের সংসারে দুধ কেনার সামর্থ্যও ছিল না পরিবারের। একপর্যায়ে ক্ষুধার্ত শিশুটিকে বাঁচিয়ে রাখতে খাওয়ানো হচ্ছিল লবণ পানি। এতে শিশুটির শরীরে অপুষ্টি, ত্বকের সমস্যা ও মুখে ক্যান্ডিডিয়াসিসের মতো জটিল উপসর্গ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই করুণ চিত্র ছড়িয়ে পড়লে তা নজরে আসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। তিনি তাৎক্ষণিকভাবে অসহায় এই শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামের এই শিশুটির পরিবার চরম সংকটে দিন কাটাচ্ছিল। হুসাইনের বাবা ও মা দুজনেই শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উপার্জনের কোনো পথ ছিল না। পরিবারের একমাত্র ভরসা বৃদ্ধ দাদি, যিনি ভিক্ষা করে কোনো রকমে সংসার চালান। ভিক্ষার সামান্য আয়ে যেখানে দুবেলা খাবার জোটানোই কঠিন, সেখানে শিশুর দুধের খরচ ও ওষুধের ব্যয় বহন করা ছিল তাদের জন্য অসম্ভব।
হাসপাতালে নাতির শয্যার পাশে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে দাদি বলেন, "আমি ভিক্ষা করে সংসার চালাই। বাচ্চাটার দুধ কেনার সামর্থ্য আমার নেই। আমি আমার নাতিটাকে বাঁচাতে চাই।" বৃদ্ধার এই আকুতি ও শিশুর অসহায়ত্বের খবর পেয়ে ডা. জুবাইদা রহমান জেডআরএফের ডিরেক্টর (প্রোগ্রাম) অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের সদস্য ডা. এমআর হাসানের সরাসরি তত্ত্বাবধানে হুসাইন ও তার পরিবারকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও দুধের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসুস্থ বাবা-মায়ের চিকিৎসারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও বিস্তারিত জানানো হয়েছে। চরম বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য শিশুটির পরিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান ও ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, এই খবরটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১০:৩৯ পিএম-এ প্রকাশ করা হয়েছে।

