জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চলতি আমন মৌসুমে সারের বাজার নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ডিলার ও ব্যবসায়ীর বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে সার। শুধু তাই নয়, সার বিক্রির বিপরীতে কৃষকদের কোনো রসিদও দিচ্ছেন না বিক্রেতারা। রসিদ ছাড়াই এই বাড়তি দামে সার কিনতে বাধ্য হওয়ায় আমন চাষের উৎপাদন খরচ বহুলাংশে বেড়ে যাচ্ছে, যা সাধারণ চাষিদের চরম বিপাকে ফেলেছে।

