ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মেহেদী হাসান (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার বিকেলে কাঁঠালিয়া উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩২ (04-09-2026, 01:32)

