জুলাই সনদ স্বাক্ষরের মতোই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি বিভিন্ন পক্ষের বক্তব্য শুনছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে সরকার আগেও একাধিকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টকে আলাদাভাবে বেঁধে রেখে সনদ বাস্তবায়নের কোনো অবস্থানে সরকার নেই। জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সবাই সনদে স্বাক্ষর করেছেন, তাই এটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে।

তবে সংবিধান সংশোধনের কাজ শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য আরও অনেক বিষয় রয়েছে। এসব বিষয়ের কিছু নির্বাচনী ইশতেহারে আছে, আবার বিভিন্ন পক্ষ ও জনগণের কাছ থেকেও প্রস্তাব আসতে পারে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব ও বক্তব্য বিবেচনায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সংসদে বিল উপস্থাপনের জন্য দেওয়া হবে।

কমিটির ষষ্ঠ বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মিলিয়ে মোট ৬৩ জন অংশ নেন। শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, সাংবিধানিক সুরক্ষা এবং জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সুরক্ষায় ইতোমধ্যে আইন করা হয়েছে এবং তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবিও উত্থাপিত হয়েছে এবং সরকার এ বিষয়ে আন্তরিক।