বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসার পর বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুদৃঢ় করার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যদি একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ তৈরি করা সম্ভব হয়, তবে সাধারণ মানুষ এর মাধ্যমে দারুণভাবে উপকৃত হবেন। রোববার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রকে উপকৃত করতে হলে প্রশাসনকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এছাড়া সংসদের কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, নানা সমস্যা ও রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও যদি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যায়, তবেই গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। ভারতের গণতান্ত্রিক কাঠামোর উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, তাদেরও অনেক সমস্যা রয়েছে, কিন্তু বিচার বিভাগ স্বাধীন, প্রশাসন দক্ষ এবং মিডিয়া শক্তিশালী হওয়ায় শেষ পর্যন্ত গণতন্ত্র টিকে থাকে।
আইনজীবী ও বিচারকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রুল অব ল বা আইনের শাসন এবং ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়টি সর্বদা ধরে রাখার চেষ্টা করতে হবে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত গত কিছু সময় ধরে আমরা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি। তবে আগামী দিনগুলোতে ন্যায়বিচার, আইনের শাসন এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

