বরিশাল জেলা জজ (সিভিল) আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেলে মাগরিবের নামাজ আদায় করার পর আদালত থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিচারকের নিখোঁজ হওয়ার ঘটনায় বরিশাল জেলা জজ আদালতের নাজির বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিচারকের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানিয়েছেন, অফিসের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজিরসহ অন্যান্য কর্মকর্তারা বিচারকের নিখোঁজের বিষয়ে তার আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

