সোনারগাঁয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এই নাশকতার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড় নিয়ে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোররাত সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় চালক ও হেলপার ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে ভেতরেই ঘুমিয়ে পড়েন।

ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। ওই নারী জানান, কিছুক্ষণ আগেই মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনের আঁচ পেয়ে চালক ট্রাকটি রক্ষার জন্য প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন সাংবাদিকদের জানান, অগ্নিসংযোগের এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৩: ২০আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩: ২৬