জয়পুরহাটে আলোচনা সভায় জিয়াউর রহমানের ছবি ও নাম নিয়ে হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ সৃষ্টি হয় এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। পরে বিএনপির নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে জিয়াউর রহমানের ছবি সংবলিত একটি পোস্টার ব্যানারে স্কচটেপ দিয়ে সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হয়।

ব্যানারে ছবি না থাকার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে ব্যানারটি তৈরি করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের ভাষ্যমতে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানস্থলে আসার পর তাকে বিষয়টি অবহিত করা হয়। এ সময় প্রতিমন্ত্রী মঞ্চে উঠতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা ব্যানারটি সংশোধন করলে প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেন এবং নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর সভা শুরু হয়।

সভার এক পর্যায়ে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে একাধিকবার ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এতে সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে এগিয়ে যান এবং এক পর্যায়ে মারুফ হাসানকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের বিদায় হলেও প্রশাসনে এখনো তাদের দোসররা রয়ে গেছে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এ ঘটনাকে দলের নেতা-কর্মীদের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানের ত্রুটিবিচ্যুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাটি ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে নির্দেশ দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা জগলুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজনে জেলা প্রশাসন আরও সতর্ক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।.জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, ১৯ বছর পর তাঁরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন।