সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার সিদ্ধান্ত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বার্ষিক বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বর্ধিত বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না—এমন ধারণা সঠিক নয়। ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সকল সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও জানান, বরাদ্দ বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। চলতি বছরে বর্ধিত পুরো অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর থেকে তা পুরোপুরি বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুবের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।