জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়ায় আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জয়ের লক্ষ্য অর্জনে স্থানীয় জনসাধারণকে সংগঠিত করতে হবে। বিএনপি মনোনীত প্রার্থী এবং সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দলের জন্য ত্যাগ স্বীকারকারী সৎ ও যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই এখন দলের মূল লক্ষ্য।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সভায় জয়পুরহাট জেলার সব উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

