টুঙ্গিপাড়ায় নাশকতার প্রতিটি ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা-কর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। তারা প্রথমে থানা ঘেরাও করে এবং পরে থানা চত্বরে রাখা একাধিক গাড়িতে আগুন দেয়। এই ঘটনার পর তারা থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করে।

জাতীয় সংসদে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে বলেও তিনি সংসদে উল্লেখ করেন। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও ও হামলার মতো ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ কম দেখা যাচ্ছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা ধৈর্য ধরে আসছি। সরকারের নীতি হলো একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জনের অপরাধের বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে। তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে সাবেক এমপি-মন্ত্রীরা এসব নাশকতার জন্য বার্তা দিচ্ছেন। তারা চায় সরকার যেন আওয়ামী কায়দায় রাজপথে গুলি চালায়। তবে সরকার সেই ফাঁদে পা দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, জনগণ আর রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না। তবে কেউ যদি থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড বা ভিডিও ফুটেজ নেই, তবে তারা ভুল করবে।

শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে। তিনি দাবি করেন, শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়নি, বরং কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। সবশেষে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি যারা পালিয়ে আছে, তারা বাংলাদেশে আর কোনো দিন গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না।