স্ত্রীকে দেনমোহর দেওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রচলিত আইন অনুসারে তাৎক্ষণিক দেনমোহর হচ্ছে স্বামীর ওপর স্ত্রীর একটি পাওনা অধিকার। এটি আদায়ের জন্য স্ত্রীর কাছে কোনো কিছু গচ্ছিত রাখতে হয় না, বরং এটি সম্পূর্ণ আদায়যোগ্য এবং অবিলম্বে পরিশোধ করতে হবে।
‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ নামের একটি দেওয়ানি রিভিশন মামলায় বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ গত ৩ সেপ্টেম্বর এই রায় দেন। ৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কোনো স্ত্রীকে যদি দেনমোহর আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে হয় এবং স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তিনি তা পরিশোধে বিলম্ব করেন, তবে বিচারিক আদালত স্বামীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন।
পবিত্র কোরআনের বিভিন্ন সূরার আয়াত উল্লেখ করে রায়ে বলা হয়েছে, মোহরানা স্ত্রীর একটি স্বতন্ত্র ও আর্থিক অধিকার, যা বিয়ে থেকে তৈরি হওয়া একটি আইনি বাধ্যবাধকতা। স্বামী কোনোভাবেই এটি ফেরত দাবি করতে পারবেন না। তবে স্ত্রী যদি সম্পূর্ণ স্বেচ্ছায় তা মওকুফ করেন, কেবল তখনই তা গ্রহণযোগ্য হবে। আইনসম্মত বিয়ের ক্ষেত্রে দেনমোহর পরিশোধে বিলম্ব করার কোনো সুযোগ নেই। স্ত্রী দাবি করা মাত্রই বিলম্বিত দেনমোহর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে।
রায়ে আরও স্পষ্ট করা হয়েছে যে, ঘটনা বা ইসলামি আইনের নীতিমালার ওপর ভিত্তি করে আদালতের দেনমোহরের কোনো অংশ কমিয়ে দেওয়া বা মওকুফ করার কোনো এখতিয়ার নেই। তবে স্ত্রী চাইলে সচেতনভাবে, দ্ব্যর্থহীন ও স্বাধীনভাবে তাঁর স্বামীর অনুকূলে দেনমোহর মওকুফ করতে পারেন। জবরদস্তি, প্রতারণা বা অন্য কোনোভাবে সম্মতি আদায় করা হলে তা বৈধ মওকুফ হিসেবে গণ্য হবে না।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২২ লাখ টাকা দেনমোহরে এই দম্পতির বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তী সময়ে যৌতুকের দাবি ও মনোমালিন্যের জেরে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর স্ত্রী দেনমোহর ও সন্তানের ভরণপোষণের দাবিতে চট্টগ্রামের পারিবারিক আদালতে মামলা করেন। স্বামী আদালতে উপস্থিত না হওয়ায় ২০২২ সালের ৫ মে পারিবারিক আদালত একতরফা ডিক্রি জারি করেন। ডিক্রিতে স্ত্রীকে ১৮ লাখ টাকা দেনমোহর, ইদ্দতকালীন তিন মাসের ভরণপোষণ বাবদ ৩০ হাজার টাকা এবং কন্যার বকেয়া খোরপোশ বাবদ ২ লাখ ১০ হাজার টাকাসহ মোট ২০ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে কন্যাসন্তানের বিয়ের আগপর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে ভরণপোষণ দিতে বলা হয়।
এই ডিক্রি বাতিলের জন্য স্বামী অধস্তন আদালতে আবেদন করে ব্যর্থ হন। এরপর ২০২৪ সালের ১৯ আগস্ট তাঁর আপিলও খারিজ হয়ে যায়। পরে তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন এবং দাবি করেন যে, ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি আর্থিক সংকটে আছেন, তাই তাঁকে কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হোক। হাইকোর্ট রুল জারির পর চূড়ান্ত শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর রুলটি খারিজ করে দেন এবং আইন অনুযায়ী বকেয়া দেনমোহর ও অপ্রাপ্তবয়স্ক মেয়ের ভরণপোষণের সব অর্থ পরিশোধের নির্দেশ দেন।
হাইকোর্টে স্ত্রীর পক্ষে শুনানি করা আইনজীবী ইশরাত হাসান বলেন, দেনমোহর কমানোর কোনো সুযোগ হাইকোর্টেরও নেই। অনেক সময় দেনমোহর পাওয়ার জন্য মামলা করতে গিয়ে নারীদের অনেক টাকা খরচ ও হয়রানির শিকার হতে হয়। সামর্থ্য থাকার পরও স্বামী যদি হয়রানি করেন, তবে আদালত এখন ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারবেন। এই রায়ের ফলে দেনমোহর নিয়ে হয়রানি বন্ধ হবে এবং মামলা দীর্ঘায়িত করার পরিবর্তে মীমাংসার পথ সুগম হবে।

