হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের বিষয়টি নিয়ে কথা বলেছেন নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে কথা বলছিলেন। তিনি জানান, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশ্যে দুই দিনের সফরে যাচ্ছেন। এই সফর নিয়ে আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব বলেন, আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে কোনো বক্তব্য নাই।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় যে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই হাসিনার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের পাঠানো ওই চিঠিটি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।