মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খেলাকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো নির্ধারণ করেছেন এবং ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের সূচনা করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের সরকারি পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিকবক্সিং-কে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। মন্ত্রী এ দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

