আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

চলতি আগস্ট মাসে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে চলতি মাসে মোট ৯ কার্গো এলএনজি দেশে আসবে। এর মধ্যে ৪টি কার্গো ইতোমধ্যেই দেশে পৌঁছেছে এবং বাকিগুলো আগস্টের বিভিন্ন সময়ে পৌঁছাবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানি করা এলএনজিগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। এই ৯ কার্গো মিলে মোট এলএনজির পরিমাণ প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্টের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য মতে, কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করে থাকে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করছে। উল্লেখ্য, প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি সংগ্রহ করে থাকে।