গোপালগঞ্জের পরিস্থিতি নজরে রাখছে সরকার, ডিসি-এসপি প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও বিভিন্ন ঘটনাবলির দিকে কড়া নজর রাখছে সরকার। পরিস্থিতি পর্যালোচনা করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

রোববার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে মো. আরিফ–উজ–জামানকে গোপালগঞ্জের ডিসি পদ থেকে এবং মো. হাবীবুল্লাহকে এসপি পদ থেকে প্রত্যাহার করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। আগস্টে সরকারের পতনের পর থেকেই সেখানে দলটির নেতা-কর্মীরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত কয়েক দিন ধরে রাস্তা অবরোধ করে লগি-বইঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এখনই বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না। গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছেন এবং বাইরে থেকে উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার ফলে বর্তমানে সেখানে মোট ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি পাঠানো হয়েছিল। পাশাপাশি আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আওয়ামী লীগ যদি সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তবে আইন অনুযায়ী বলপ্রয়োগ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল। ওই বছর ২০ জুলাই গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’