তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে সরকার শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান। ‘মাদক ও ইন্টারনেট আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক এই কর্মশালাটির যৌথ আয়োজন করে বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধ্যাপক মামুন বলেন, কেবল সচেতনতা সৃষ্টির মাধ্যমে তরুণদের আসক্তি থেকে মুক্ত রাখা সম্ভব নয়। তাদের জন্য একটি আনন্দময় ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে শিক্ষাক্রমে ‘এডুকেশন উইথ হ্যাপিনেস’ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ বাড়ানো হচ্ছে। শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিসহ প্রধানমন্ত্রী গোল্ডকাপের মতো ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন। তাঁর মতে, এসব ইতিবাচক কর্মকাণ্ড তরুণদের মাদক ও ইন্টারনেটের আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
মাদক পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মাদকসেবীদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত অসাধু চক্র এবং মাদকের গডফাদারদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে কঠোর অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা পালন করা বাঞ্ছনীয় বলে তিনি মন্তব্য করেন।
তরুণদের স্বাবলম্বী করার বিষয়ে অধ্যাপক মামুন বলেন, যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী পাঁচ বছর বা নির্দিষ্ট মেয়াদে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ও বেসরকারি খাতের সম্প্রসারণ এবং কারিগরি প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তরুণদের ভাষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেওয়া হচ্ছে। এসব সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও তরুণরা উপস্থিত ছিলেন।

