ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন বা অনৈক্য নয়, বরং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ দেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কোনো করুণার বিষয় নয়, বরং এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, “এই দেশ আপনার, এই দেশ আমার। আমাদের সবার পরিচয় একটাই—আমরা এই দেশের মানুষ। ধর্মের কারণে মানুষের মধ্যে কোনো বিভাজন তৈরি হোক, তা আমরা চাই না।”
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন, নিরাপত্তা এবং জনগণের অধিকার নিশ্চিত করা তার দায়িত্বের অংশ। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সেজন্য পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি উপস্থিত ভক্তদের আশ্বস্ত করে বলেন, “আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন করছেন বলে আশা করি। কোথাও কোনো সমস্যা বা নাগরিক অধিকারের ব্যত্যয় ঘটলে আমাকে জানাবেন। আপনাদের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, এটি কোনো করুণা নয়।”
এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সরকারের আট মাসের পথচলায় বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর সমাধানের কাজ চলমান রয়েছে। আগামী দিনে উন্নয়নের সুফল আরও দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমাজ ও দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০: ৩০আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০০: ৩২

