গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও ভাঙচুর

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লগি-বইঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার সকাল ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের লাঠিসোঁটা, টেঁটা ও বল্লম হাতে মহড়া দিতে দেখা যায়। অনেকের মাথায় ছিল হেলমেট এবং তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর সালাউদ্দিনের নেতৃত্বে মিছিলটি গাবতলা মোড় ও বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হক এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি মিছিল বের হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়ে ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা কমিটির কার্যালয়ে গিয়ে তালা খুলে উল্লাস করে।

কর্মসূচি চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলা হয়। পরে তাঁরা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।

বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের উপস্থিত দেখা গেলেও তাঁদের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এ সময় নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন। এপিসির পেছনের লুকিং গ্লাস ভেঙে সেটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। এ ঘটনার কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের অন্য কোনো কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শনিবার রাত আটটার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন দেওয়া হয়। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও নিলফা বাজারেও একই ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।