হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিশেষ কৌশলে লুকানো ৪৩২ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী কাস্টমস চ্যানেলে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, দুপুর ১২টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. নুর নবীর ট্রলিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ২৩২ গ্রাম। এর কিছু সময় পর বিকেল ৪টা ৪৬ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সেরই আরেকটি ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মোহাম্মদ শামীম শেখের রেক্টামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আরও ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যেগুলোর ওজন ২০০ গ্রাম।
পরবর্তীতে আটককৃত দুই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া ৪টি স্বর্ণের বার কাস্টমস কর্তৃক জব্দ করা হয়েছে।

