ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে আসা ১৮ বছর বয়সী এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ চুরি হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পর্যটকের নাম ক্রিল লেন্ডার।
ক্রিল লেন্ডার জানান, তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার আসেন এবং সেখান থেকে বাংলাবান্ধাগামী ট্রেনে নাটোরে পৌঁছান। তার পরিকল্পনা ছিল নাটোর থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার। সেই উদ্দেশ্যে ট্রেনের অপেক্ষায় তিনি রেলস্টেশনের ওয়েটিং রুমে বসে ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট কেটে দেওয়ার প্রস্তাব দেয়। ওই যুবকের কথায় বিশ্বাস করে তিনি কথা বলছিলেন। একপর্যায়ে সুযোগ বুঝে যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে ক্রিল লেন্ডার নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটক রাত ৮টার দিকে থানায় আসেন। তার অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।

