গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিল্প পুলিশ, জেলা পুলিশ এবং বিজিবি সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ৬-৭টি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসেছিলেন। গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।