গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এই বিক্ষোভ শুরু হলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছিলেন। সেই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবারের সেই ঘটনায় আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, তবে শ্রমিকেরা উত্তেজিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে এই আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি। বর্তমানে আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন।

