চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, এবারের চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিস।
সেমিনারে পানিসম্পদমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান হবে। এটি ইতিমধ্যে একনেকে পাস হয়েছে। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি শেষ করে আগামী বছরই সরকার কাজ শুরু করতে চায়। ২০২৭ সালের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে ওই বছরই মূল কাজ শুরু করার ব্যাপারে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনাকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট এবং ‘মাস্টারমাইন্ড প্রজেক্ট’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, দেশের মোট অঞ্চলের তিন ভাগের এক ভাগ মানুষ এই প্রকল্পগুলোর সুফল পাবেন।
তিস্তা মহাপরিকল্পনাকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী বলেন, তিস্তা একটি খরস্রোতা নদী। ভারত থেকে আসা উজানের পানির চ্যালেঞ্জ মোকাবিলা করেই দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষ জীবনধারণ করছেন। এই মহাপরিকল্পনা নিয়ে ইতিমধ্যে দেশি-বিদেশি অনেক বিশেষজ্ঞের পাশাপাশি বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক করা হয়েছে এবং কারিগরি সহায়তা নিশ্চিত করতে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব দ্রুতই এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ হাতে নেওয়া হবে এবং সেই সমীক্ষার ভিত্তিতেই প্রকল্পের কাজ শুরু হবে।
গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী মনে করিয়ে দেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশায় প্রথম ৫ বছরের জন্য যে চুক্তি হয়েছিল, তাতে ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। তবে ১৯৯৬ সালে গ্যারান্টি ক্লজ বাদ রেখেই ৩০ বছর মেয়াদি চুক্তিটি নবায়ন বা নতুন চুক্তি করা হয়। এবার ১২ ডিসেম্বরের আগেই নতুন চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত উভয় পক্ষ যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্পে বাইরের কোনো দেশের চাপ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ও তিস্তার পাড়ে বসবাসরত দেশের মানুষের কল্যাণ ও স্বার্থই সরকারের কাছে সবচেয়ে বড় চাপ। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পদ্মা ব্যারাজের সমীক্ষা সম্পন্ন করতেই ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু পরে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তা চূড়ান্ত করে কাজ হাতে নিয়েছে। তিনি আরও বলেন, তিস্তার মতো বড় প্রকল্পের সমীক্ষা এক-দুই মাসে সম্ভব নয়। অতীতে পর্যাপ্ত কারিগরি সহায়তা নিয়ে কাজ শেষ করা হয়নি, তবে বর্তমান সরকার নিজ উদ্যোগে এই কাজ সম্পন্ন করে প্রকল্পটিকে দৃশ্যমান রূপ দেবে।
এদিকে, ভারতের সঙ্গে পানিবণ্টনে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিসের সেমিনার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অবস্থান বাংলাদেশের পক্ষে রয়েছে। পানি ইস্যুতে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপ প্রয়োজন। এই লক্ষ্যে গঠিত কমিটিতে ভারতের পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে সংলাপ ও কূটনীতির মাধ্যমে পানি সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব।

